গুচ্ছ কবিতা — হোসেইন আজিজ



একগুচ্ছ অণুকবিতা
হোসেইন আজিজ

প্রান্তবাস
অতল খাদের কিনার ধরে
ঝুলে আছে—
মানুষের নক্ষত্র নয়,
নক্ষত্রের তাবৎ মানুষ।
অপেক্ষা—
হাত ফসকে খসে পড়ার।

ভাঙনকাল
ধরা হাতের ভেতর
নক্ষত্রেরা কেঁপে ওঠে,
মানুষ বুঝে ফেলে
আলো মানেই
ফসকে যাওয়ার শুরু।

পতনের আলো
নক্ষত্রেরা আজ
নিজ নিজ অন্ধকারে নির্বাসিত,
মানুষেরা শুধু
তাদের পতনের আলো গায়ে মাখে।

ক্যালেন্ডারের কান্না
চৈতের সংক্রান্তি শেষ হলে
বোশেখের সাজ সাজ রব,
আমি শুধু শুনি—
ঝরে পড়া দিনের খসখস শব্দ,
আর মৃত ক্যালেন্ডারের নীরব কান্না।

শূন্যতার আয়ু
ক্ষমতার চেয়ার খালি থাকে না,
মানুষ হোক, কিংবা ছায়া—
কেউ না কেউ বসেই থাকে।

মসনদের ফাটক
মসনদ তো লোভের ফাটক,
যে একবার করেছে বরণ
তার কি থাকে মুক্তির পথ?

খতরনাক সময়
আমার কোনো অভিযোগ নেই,
পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রে;
তবু এই নিরবতার আড়ালে
ফুঁসে ওঠে এক খতরনাক সময়।

[সিলেট]
Previous Post Next Post