অনন্য কাওছার
আমার মুখ থেকে বেরোতে চায় বাংলা বাক্য,
স্বজাতীয় পাখিদের মতো আমি উচ্চারণ করতে চাই
আমার নিজস্ব শব্দাবলি,
ঠোঁটে অমৃতের মতো নিতে চাই অ-আ-ক-খ
আমি দীর্ঘশ্বাস নিতে চাই বাংলায়,
প্রেমিকার কথায় মর্মাহত হতে চাই বাঙালি কায়দায়,
আমি বাংলার মাঠঘাট নদীনালা বনজঙ্গল আকাশবাতাস, বাংলার ঘাসের সবুজে বসে
রাতভর উপলব্ধি করতে চাই স্বদেশী গান-প্রেম-কাব্য
আমাকে কিশোরীর চোখের মতো বিমুগ্ধ করুক
বাঙালি কাক,
বাংলার দোয়েল চড়ুই-
আমার মুখ থেকে বেরোতে চায় বাংলা;
জাতীয় সংগীত অথবা বাউল গানের মতো
প্রতিটা পদক্ষেপে আমি উচ্চারণ করতে চাই বাংলা।
অথচ আমাকে বাধ্য করা হচ্ছে বিদেশি ভাষায়।
তবুও আমার কণ্ঠে বেজে ওঠে স্বদেশী বর্ণমালা;
সজোরে উচ্চারণ করি অ-আ-ক-খ।
Tags:
Poetry
