তুমি তাকে প্রশ্রয় দিলে

অনন্য কাওছার 

সবকিছু ঠিকঠাক ছিল, একদিন জোছনার আলো
তোমার গ্রিলের ফাঁকে তোমাকে স্পর্শ করে শিখিয়েছিল
প্রেমের সংস্কৃতি এবং পাহাড়ের পাদদেশে উপুড় হয়ে
মনিপুরী মেয়েদের অভিমান তোমার পৃথিবীতে 
অবৈধভাবে ঢুকে গিয়েছিল, তোমার অস্তিত্বের ভেতর
মিশরীয়দের অলংকার যথারীতি অহংকারে রুপান্তরিত
হতে হতেই একদিন আমাদের জীবন-প্রক্রিয়া অস্বীকার
করে তোমার মস্তিষ্কের নিউরনে ঢুকিয়ে দিল উপকথা;
প্রেমিকের চুম্বনের মতোই তুমি তাকে প্রশ্রয় দিলে।

গোধূলির শেষে সমস্ত পাখিদের বুকে যেটুকু বিড়ম্বনা
এরচেয়ে অধিক জার্মানীয় তরুণীর সংক্ষিপ্ত শোক;
একদিন তোমার শরীরে শীতের রোদের মতো
মিশে গিয়েছিল সবটুকু বরফনীল আগুন এবং তার 
হাতের মুঠোয় একটুকরো হীরকখণ্ড বলেছিল প্রেমের
কবিতা মোটামুটি সুন্দর, এরচেয়েও আকর্ষণীয়
ট্র্যাজেডি, রবীন্দ্রনাথের মতো তুমি তাকে প্রশ্রয় দিলে। 

তুমি চলে যেতেই আমার সমস্ত গান, কবিতার
পান্ডুলিপি বিরহপ্রবণ।




Previous Post Next Post