দুই কবিতা

অনন্য কাওছার 

পরিবার 

জ্বলে যাচ্ছে বুক- চোখের পাতা পোড়ে যাচ্ছে, লবনের
মতো দানাদানা আবেগ, স্বপ্ন; বাবার দুঃখের সাগরে
ঢেউ হয়ে ভেবে যাচ্ছে সমুদ্রের জলে, আমি পাথরের
মতো দাঁড়িয়ে আছি মায়ের কাছে, শ্বাস নিচ্ছি, ভাতের
সঙ্গে আমার কিছুদিন হয়নি যে দেখা, মায়ের চোখের
জলের কাছে আমি চিরকাল অসহায়, প্রতিবন্ধী। 
চোখ আছে- মায়ের কষ্ট ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না 
মুখ আছে- বাবার বেদনার মতো কিছু বলতে পারছি না 
তোমাদের দিকে তাকিয়ে জ্বলে যাচ্ছে বুক। 
এ জন্মে আমারে ক্ষমা করে দিও, আমি বেকার।

চিনাজোঁক 

কচুর লতি বেয়ে নেমে এলো ক্ষুদ্র জীবন, ঘাসের উপর
আমি প্রথম বিশৃঙ্খলা দেখেছি ঘাস ফড়িঙের, পাতা 
বেয়ে শীতের কুয়াশা নেমে যাচ্ছে আমার শরীরে-মাংসে;
জীবনের মতো লম্বা লাফে পাতার পর পাতা পেরিয়ে 
মানুষের রক্তের ঘ্রাণে বিভোর থেকেছি চিরকাল,
বিদেশি শব্দের আগে আমি চিনাজোঁক হয়ে আছি।



Previous Post Next Post