অনন্য কাওছার
পান্থের মতো হেঁটে পেরিয়ে সজীব মাঠবন
সরিষার ক্ষেত ফেলে আগাছার আবডালে
ঘাস ফড়িঙের উড়াউড়ি মাঘের বিকেলে
অনেক দেখেছি আমি, দেবারাই-বিল
প্লেনের মতো উড়ে খয়েরী ডানার গাঙচিল
দশেক পুকুর ঘিরে উঁচুনিচু হিজলের বন
পাখির ডানায় এলো গোধূলি যখন-
তখন কচুরিপানায় শিশিরের ভেজা টলোমল
সরোবরে বৃষ্টির মতো নামে ডাহুকের দল
ঠাঁই নাই, তবুও আকাশের মতো স্থির অধীর,
বাতাসের মতো ছুটে মাঠঘাট-কালভার্ট-ব্রিজে
তামাটে পৃথিবী পেরোল এই সঙ্গীনীরে খুঁজে।
আরো দূর, দূরের আকাশে উড়ে পাখিদের ঝাঁক
অনেক দেখেছি আমি, তবুও তৃষ্ণার্ত চোখে
মাঠের সবুজে দোলে লকলকে লাল পুঁইশাক।
Tags:
Poetry
