অনন্য কাওছার
তোমাদের সাফল্য ডায়মন্ডের মতো জনতার চোখে পড়ে;
যেকোনো বেডফিলিংসেও গ্রাম্য কিশোরীদের
করে তুলে উন্মাতাল।
তোমাদের লাল-পাসপোর্টের ক্ষমতাবলে
তোমাদের মেয়ের-বয়সী-তরুণীও বসে বিয়ের আসরে;
বাসরঘরে উন্মোচিত হয়ে যায় বার্ধক্যের ছাপ।
রজনীগন্ধার টবেও তোমাদের গুণকীর্তন,
অজস্র পাপড়ির লাবণ্যের মতো তোমাদের বর্ণিল সিঁড়ি,
তোমাদের একেকটা সাফল্যের নাট্যমঞ্চ
একেকটা ব্রাইট সার্কাস।
শিউলি ফুলের ঝোপঝাড় এখন তোমাদের অধিকার;
তোমাদের ঘামুক শরীরের মোহাবিষ্ট ঘ্রাণ
নোংরা ডলারের কারিশমা, বিএমডব্লিউ রাতারাতি
উঠতি তরুণীদের যেকোনো শর্তসাপেক্ষে
বিবাহের দিকে নিয়ে যায়।
তোমাদের সাফল্য জ্বলজ্বলে তারকার মতো
সর্বস্তরের জনসাধারণের মুখে প্রশংসনীয়;
নাস্তার টেবিলেও ঝলসে ওঠে তোমাদের জীবনকাহিনী, অশ্লীল উরুর মতো উপদেশ, সাফল্যের গুপ্তমন্ত্র।
তোমাদের সাফল্য মহাকবি হোমার থেকেও ঊর্ধ্বমুখী
রবিঠাকুরের নোবেল বিজয়ের চেয়েও নীলোজ্জ্বল।
Tags:
Poetry
