অনন্য কাওছার
এমন কোনো নামপরিচয় নেই
যা দিয়ে খুব সহজেই দৃষ্টিআকর্ষণ করা যায় রাষ্ট্রপতির;
প্রধানমন্ত্রীর গোপন বৈঠকে গোলাপ হস্তে প্রবেশাধিকার
সুনিশ্চিত করা যায় নির্বিঘ্নে।
এমন কোনো বংশপরিচয় নেই
যা দিয়ে ভাতের হোটেলে নামি-দামি সুগন্ধি-সাবান
ব্যবহার করে সপক্ষে নেওয়া যায় জনগণ,
ভিটেমাটির নিচে গর্ত খুঁড়ে পাওয়া যায় পূর্বপুরুষের
সোনার খনি।
এমন কোনো মহাকীর্তি নেই
যা দিয়ে আফ্রিকার ক্ষুধার্ত মানুষের রূপ-লাবণ্য
আমার শরীর-চামড়া থেকে একেবারেই মুছে ফেলা যায়
কেননা প্রকৃতির সঙ্গে আমার বেদনার সাদৃশ্যকরণ।
এমন কোনো উপায়ন্তর নেই, যা দিয়ে গুছানো যায়
পিতৃলালিত মনঃপীড়া।
এমন কোনো প্রশান্তি নেই
যা দিয়ে বিশল্যকরণী লতার মতো সমস্ত বেদনা
শিকড়সমেত উপড়ে ফেলে দাঁড়ানো যায় স্বনির্ভর;
অভয়ারণ্যে প্রবেশ করা যায় আফ্রিকা-আমাজন।
এমন কোনো প্রতিশ্রুতি নেই
যা ভেবে ফিরে আসা যায় তোমার শহরে, উঠোনে-
আবারও শুরু করা যায় অভিমানী প্রেম।
এমন কোনো চিকিৎসা নেই
যা দিয়ে 'প্রেম' ও 'শরীর' পৃথক করা যায়।
ভালো থেকো বলে সত্যিসত্যি ভালো থাকা যায়?
Tags:
Poetry
