জানাঅজানা

অনন্য কাওছার 

তোমাকে জানার চাইতে খুব বেশিকিছু জানা 
আপাতত জরুরি নয়, 
আইনের খুঁটিনাটি পড়ে ফেলার আগে তোমাকে 
অন্তত ৪০০ কোটিবার জেনে নেওয়া আবশ্যক,
তোমার অনুমোদন না পেলে একইঞ্চি হেঁটে যাওয়া 
কোনোভাবেই যথোপযুক্ত নয়, 
চাইনিজ খাবারের মতো কোনোকিছু 
আরেকটু খতিয়ে নেওয়ার আগে 
চায়ের কাপে মিনিট চারেক 
বসে থাকার মতো 
বেশিকিছু এখন আর জরুরি নয়।  

তোমার পায়ের নিচের পলিমাটি কতটুকু ভদ্রতা 
মেনে চলে, ঘুমের ভেতর দুঃস্বপ্নের ভীতিকর পরিস্থিতি 
হাতের পরিস্কার নখের মতো কতটা সুস্বাস্থ্যকর
এরচেয়ে বেশিকিছু জানা আপাতত জরুরি নয়। 

তোমাকে জানার চাইতে বেশিকিছু জানা 
আপাতত জরুরি নয়। জরুরি নয়।



Previous Post Next Post