অনন্য কাওছার
পৃথিবীতে কি এমন মৌল উপমা আছে
যা দিয়ে করা যায় তোমার স্তুতি,
গলে কণ্ঠহারভেবে পরানো যায় শঙ্খমালা,
তোমার মতো কি এমন হীরকখন্ড আছে
যা পেলে বহির্জগতও মনেহয় হাতের মুঠোয়;
লকেটের মতো রাখা যায় হৃদয়ের মাঝ।
আমি দার্শনিকের মতো জানি,
তোমার নিখুঁত সংলাপ লিপিবদ্ধ করতে যেয়ে
তোমারই দারস্থ রাশিয়ান পাস্তের্নাক
নাট্যকার মায়াকোভস্কি।
আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের কবিতায়:
গীতবিতানে কি আছে এমন সুবর্ণা
যা তোমার দুঠোঁটের ফাঁকে ধ্বনিত হবার চেয়েও
অধিকতর মোহঘোর, চুম্বকীয় আকর্ষণ।
সুন্দরী হেলেনা,
পৃথিবীতে তোমার মতো কি আছে এমন ইন্দ্রজালিক।
তোমার সতন্ত্র শব্দালংকারের মতো
কি আছে এমন নিখুঁত, নিটোল
যা দিয়ে তাবিজের মতো ভেস্তে দেওয়া যায় জাদুমন্ত্র;
চোখবুঁজে প্রার্থনা করা যায় অনন্তকাল।
তোমার মতো এমনই এক অলৌকিক সৌন্দর্য ছাড়া
নিখিলে কি আছে এমন যথাযোগ্য উপাদান
যা ভেবে অনায়সে লেখা যায় দীর্ঘ কবিতা,
থ্রিলার সিরিজের সর্বশেষ উপাখ্যান,
তোমার মতো কি এমন রোমাঞ্চকর বস্তু আছে
যা দেখে আঁকা যায় মোনালিসার চিত্রপট
একে একে বনলতা সেন।
তোমার ঠোঁটের মতো কি আছে এমন বরফশীত;
যা দিয়ে মেটাতে পারে তপ্ত বুকের অনির্বাণ অনল,
ফিলিস্তিনি শিশুদের মতো বুকের হাহাকার।
বলো, পৃথিবীতে কি আছে এমন জৌলুশ
কি আছে এমন দীপ্তনীল,
তোমার মতো
এমন স্বর্গীয় দিঘি-সরোবরের সান্নিধ্য পেলে আর
কোনো প্রেমিকের বুক থাকবে না তৃষ্ণার্ত,
অনুর্বর, জলহীন।
আমি গণিকার অবৈধ সঙ্গমের মতো জানি
তোমার সৌন্দর্যের আরাধনা করতে যেয়ে
তোমারই নিকটস্থ কালের নার্সিসাস,
জলপরী।
প্রিয়তমা, সুন্দরী হেলেনা আমার
জগতে তোমার মতো কি আছে এমন অলৌকিক
আর কি আছে এমন সুসজ্জিত হেলেনিক ফুল,
যা পেলে বহির্জগতও মনেহয় হাতের মুঠোয়;
লকেটের মতো রাখা যায় হৃদয়ের মাঝ।
আমি জন্মান্ধ প্রেমিকের মতো জানি,
তোমার শীতোষ্ণ হৃদয় দখল করতে যেয়ে
তোমারই দারস্থ মার্কিনী যুবকের দল;
দূতাবাসে একজন বাংলাদেশি আহত কবি।
Tags:
Poetry
