ফাঁসিকাঠ

অনন্য কাওছার 

টাকাই সাময়িক ইশ্বর বললে ফাঁসিকাঠ ঘিরে রাতভর
চলবে মিছিল, হন্তারকের তরবারির কোপেই দ্বিখণ্ডিত হবে 
মস্তিষ্কের বিদ্রোহীকোষ, বন্দুকের সতেরো বুলেট খোঁজে
নেবে বুকের নিশানা, মিসিং হবে না জনতার বুটের লাথি-
অনিবার্য মৃত্যুদণ্ড। নাস্তিকতার সূত্রপাত হবে কিনা তা
জানার আগেই গ্রীবা থেকে ছিটকে পড়বে মাথামুণ্ডু,
রক্তাক্ত শরীর। তখনও যে আমাদের দয়ার্দ্র ইশ্বর 
হবেন না জনতার মতো এতোটা নিঠুর, পাথরপাষাণ।

আজকাল টাকার সঙ্গে মানুষের সহবাস 
টাকার সঙ্গেই মানুষের দুর্দান্ত সঙ্গম,
টাকার সঙ্গে মানুষের অবৈধ পরকীয়া
কেবল টাকার নিতম্বে পুরুষের উলঙ্গ পেনিস 
যৌনসম্ভোগ, দৈহিক সৌন্দর্য, সমস্ত কিছু। 
আজকাল টাকার সঙ্গে মানুষের সংসার 
প্রেম থেকেও পতিতাল-স্বভাব। 

এখন টাকাই দেবতা, টাকাই ইশ্বর বললে মন্দিরে মন্দিরে
মসজিদে মসজিদে গির্জায় গির্জায় জ্বলে উঠবে 
অলৌকিক আগুন,
লৌকিক আগুন,
হিংস্রক আগুন,
সাংঘর্ষিক আগুন,
ফাঁসিকাঠ ঘিরে রাতভর চলবে মিছিল, হন্তারকের
তরবারির কোপেই আলাদা হবে মস্তিষ্কের বিদ্রোহীকোষ।
অথচ পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষ আজ টাকার নিতম্বে 
রাতভর পদানত, করছে লেহন; প্রকাশ্যে নতজানু।






Previous Post Next Post