হেলেনা

অনন্য কাওছার 

বোবা পাখিদের গান শেখাবে বলে তুমি নিজেই ভুলে
যাচ্ছ গীতিকবিতা, ত্রিতাল গাম্ভীর্য, গানের লিরিক। 
প্রমিত উচ্চারণ করতে যেয়ে ভুলে যাচ্ছ সহজ বাক্যের
গঠনরীতি, বোবা প্রাণীদের মতো কেবলই নাড়াচ্ছ
ঠোঁট। 
গত বর্ষাকাল থেকে আমাকেও শেখাচ্ছ তুমি 
গীতিবাদ্য, গীতিকবিতার পরিচিত লাইন।
হেলেনা আমার, তুমি নিজেই জান না 
তোমার কণ্ঠস্বরে বেজে ওঠে পৃথিবীর আদিম সংগীত
তোমার অমিয়-ঠোঁটে যেসব বাক্য উচ্চারিত হয় 
তারচেয়ে কি আর হতে পারে এমন শ্রুতিমধুর?

যেই আমি তোমার মুখোমুখি হলে ভুলে যাই 
বাংলাদেশের আয়তন, 
রাষ্ট্র এবং রাষ্ট্রনীতির মধ্যে পার্থক্য। 
তাকে শেখাচ্ছ তুমি দুর্বোধ্য কবিতার লাইন;
সংবিধানের ১৭ নাম্বার অনুচ্ছেদ। 
হেলেনা আমার, 
তুমিই যে আমার একমাত্র আদর্শ সংবিধান 
পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ মহাকাব্য। 

গত শীতকাল থেকে আমাকে শেখাচ্ছ তুমি 
নীতিমালা, প্রাচীনকালের চর্যাগীতি;
কিন্ডারগার্টেনের শিশুদের মতো হাতেকলমে
আমাকে শেখাচ্ছ তুমি বর্ণমালা, ধ্বনিতত্ত্ব; 
বাংলা প্রমিত উচ্চারণ 
অথচ আমি উচ্চারণ করি: হেলেনা আমার, হেলেনা আমার। 

জনসচেতনতা বাড়াতে গিয়ে তুমি নিজেই 
গভীর রাতে বাড়ি ফিরছ, সিগারেট খাচ্ছ, 
তুমি নিজেই জান না আমি যে তোমার নেশায় 
মাতাল হচ্ছি, হুইস্কি খাচ্ছি, তলিয়ে যাচ্ছি
ডিপ্রেশনের নিতল আঁধারে। 
হেলেনা আমার, 
এরচেয়ে কি আর হতে পারে এমন বিষাদনীল?
এরচেয়ে কি আর হতে পারে এমন বেদনার? 





Previous Post Next Post