অনন্য কাওছার
শীতের রোদের মতো তোমার শরীর
মিশে আছে শিশিরের জলে
তোমাকে খুঁজেছি আমি মাঠের সবুজ-
কুয়াশা ও সুনিবিড় স্থলে।
যেন পদ্মপাতার মতো তোমার নিলাজ ত্বকের
বিভোর সৌরভ
কণ্ঠে তোমার অমৃতবাণী; অবিকল
নীল পক্ষীরাজের কলরব।
তোমার প্রতিটা পদক্ষেপ শান্তিচুক্তির মতো,
জ্বালে তারকার নূর
তোমার সৌন্দর্য অন্ধকারের ফাঁকে উদ্ভাসিত
এক নির্জলা ভোর।
তোমাকে খুঁজেছি আমি শীতের কুয়াশায় গোধূলির গানে
আমি যে বিভোর হই; তোমার শরীরের নৈসর্গিক সুঘ্রাণে।
Tags:
Poetry
