তুমি কি এখনও ব্যস্ত আছ?

অনন্য কাওছার 

পরপর তিনটে কল করার পরও তোমার কোনো 
সাড়াশব্দ নেই, সন্ধ্যা হয়ে গেল অথচ 
টেক্সটের রিপ্লাই দিচ্ছ না ভাবে অবাক হইনি। 
এ শহরে তোমার মতো এতোটা ব্যস্ত নয় টাউনের রাস্তা; 
ব্যস্ত নয় এম্বুল্যান্সের হর্ণের তীব্র আওয়াজ, টেলিফোন।
বুঝি, প্রেমিকের হাতধরে পাড়ি দিচ্ছ জেব্রা ক্রসিং 
অথবা শপিং মলের তৃতীয় পর্বে খুঁজে নিচ্ছ নতুন সঙ্গী। 
তুমি যা ইচ্ছা তাই করতে পারো বলে আমি 
লিখতে বসিনি কোনো সতর্কবার্তা, 
উপেক্ষা করিনি তোমার 
সুনিপুণ অজুহাত। 

পরপর মেসেজ দিচ্ছি, চার্জিং মোবাইলের স্ক্রিনে 
অপলক তাকিয়ে আছি অথচ তোমার 
কোনো সাড়াশব্দ নেই। 
তুমি কি এখনও, এখনও কি তুমি 
যান্ত্রিক রোবটের মতো ব্যস্ত আছ?  




Previous Post Next Post