প্রবেশাধিকার

অনন্য কাওছার 

তারপর তোমার বিপরীতে আমার হেঁটে যাওয়া, 
যতদূর, যতদূরে কখনো কেউ যেতে পারেনি 
তারও অধিক কোনো গন্তব্যে বসিয়েছি তাঁবু, 
কোনোদিন যে স্টেশনে পৌঁছেনি কোনো গতিশীল ট্রেন; 
সেই স্টেশন থেকে আরও পনেরো কিলোমিটার 
গহীন অরণ্যের ভেতরে আমার একাকী নিবাস।
যে সমুদ্রবন্দরে কোনোদিনই ভিড়তে পারেনি জাহাজ 
ইকারুসের মতো সেখানে আমার আসা-যাওয়া।
তবুও আমি তোমার থেকে দূর অতিদূর। 
মানবসভ্যতার ইতিহাসে যতদূর, যতদূরে 
কখনো কেউ যেতে পারেনি তারও অধিক
কোনো গন্তব্যে আমি বসিয়েছি তাঁবু;
ইদানীং মানুষের বদলে আমি 
বিশ্বস্ত কুকুরের সঙ্গে গড়ে তুলেছি সুদৃঢ় বন্ধন,
আদিম মানুষের মতো শিখে নিয়েছি পিঁপড়ের ভাষা;
প্রাকৃতিক নীতিমালা এবং প্রথাগত যাবতীয় সব। 
প্রাকৃতিক নিয়মে এখন আমি বিশ্বাস করি:
একদিন কালের বিবর্তনে আমি হয়ে যাব নিশিকাক;
প্রাণীবিজ্ঞানীদের মতো সুকৌশলে জেনে নেব 
কীভাবে 'পিঁপড়ে সমাজ থেকেছে একতাবদ্ধ'?
মানুষ ভেতর থেকে নিঃসঙ্গ কেন চিরকাল? 



Previous Post Next Post