অনন্য কাওছার
কবিতা,
সে তো আমার বিসর্পিল জীবনের
প্রথম প্রেম, সফল সংসার;
প্রকৃতির একমাত্র আরাধ্য প্রতিমা।
কবিতা,
সে তো আমার পূর্বজন্মের প্রথমা সুন্দরী;
জাগতিক বাস্তবতা থেকে কিলোমিটারের পথ।
কবিতা,
সে তো আমার স্বাপ্নিক উঠোন
তেপান্তরের সুনিবিড় বাগানের শিউলি;
আকাশের ম্রিয়মাণ আভা।
কবিতা,
সে তো আমার সন্দেহ নেই প্রেমিকার চোখ
বাসরঘরের কাঁপা কাঁপা ধ্বনি; তৃপ্ত সঙ্গম।
কবিতা,
সে তো আমার আলুথালু চুল
এলোমেলো জীবন;
সিগারেট বিহীন বিষন্ন রাত।
কবিতা,
সে তো আমার ব্যর্থ জীবনের বিপুল নির্মাণ
নদীর জোয়ার-তরঙ্গের কলরোল।
কবিতা,
সে তো হৃদয়ের উচ্ছ্বাস;
সাত সমুদ্রের উদ্দেশ্যবিহীন যাত্রা।
Tags:
Poetry
