কবিতা এবং অ-কবিতার সাম্রাজ্য

অনন্য কাওছার 

আমার ভক্তদের প্রথম সারিতে আছে 
বৈদ্যুতিক খুঁটিতে বসে থাকা 
নিঃসঙ্গ কাক, জন্মান্ধ তেলাপোকা।
আমার পাঠকের তালিকায় আছে 
উঁচু বংশীয় ভেড়ার পাল; মহিষ।
আমার ফ্যানফলোওয়ার টেংরাপুঁটি 
হাবাগোবা চিতল;
যারা পুকুরের শ্যাওলা খেয়েই বড়ো হচ্ছে 
গভীর জলের দেখা পায়নি কোনোদিন। 
আমার ভক্তদের নিচের কাতারে আছে 
ধূসররঙের একাকী শঙ্খচিল;
আমার জন্য উন্মাদ বাদুড়ের একদল
অথচ মানুষের সংখ্যা একেবারেই কম।

আমার ভক্তদের দ্বিতীয় সারিতে আছে 
উন্নত জাতের বিদেশি বিড়াল, গবাদিপশু।
আমার সমর্থকের তালিকাও অসম্পূর্ণ-
তবে গতকাল যুক্ত হয়েছে ইঁদুর, 
থাইল্যান্ডি মাগুর;  
যারা এখন বাংলাদেশের স্বাধীন নাগরিক।
আমার সক্রিয় অনুসারীও ধূর্ত শেয়াল; 
সুন্দরবনের সন্ত্রাসী কুমির।
আমাকে পছন্দ করে এমন তালিকায় আছে
সুস্বাস্থ্যবান স্বদেশী ঘুঘু; ফ্রিজিয়ান গাভী
যারা মূলত ঘাসের উপর নির্ভরশীল। 
আমার জন্য উদগ্রীব পাখিদের একদল 
অথচ মানুষের সংখ্যা একেবারেই কম। 

আমার সমালোচকের শীর্ষস্থানে আছে
শতাব্দীর শ্রেষ্ঠ মনীষী,দার্শনিক 
যাদের জ্ঞানের পরিধি 
বুদ্ধিজীবীদের মাথার টাকের 
উপরিভাগ। 
আমার বিপক্ষে চিতাবাঘ, মাঠের আগাছা 
আমার বিপক্ষে শরীরের ঝুলন্ত স্তন; 
আমার বিপক্ষে পার্কের অশ্লীল 
আমার বিপক্ষে নষ্টদের স্বীকৃত প্রেম।
যারা বৈধতার অভাবে সমালোচক। 
যাদের ব্রেইন টিকটকারদের মতোন ফাঁকা; 
গুবরেপোকার আঁতুড়ঘর। 

আমার ভক্তদের একেবারে নিম্নস্তরে আছে 
হিজলবনের খয়েরি ফড়িং, মাছরাঙা। 
আমার সহচর বন-তাড়িত কাঠবিড়ালি 
পিঁপড়ের সারি সারি মহড়া।
আমার ভক্তদের নিচের কাতারে আছে 
আফ্রিকার গাধা, বিলুপ্ত গন্ডার;
আমার জন্য উন্মাদ বাদুড়ের একদল 
ধূসররঙের একাকী শঙ্খচিল।
অথচ মানুষের সংখ্যা একেবারেই কম।



Previous Post Next Post