নববর্ষের কবিতা

অনন্য কাওছার 

অনিদ্রা, তুমি না এলে অভিমান ভুলে 
এই নববর্ষে কোথাও মেতে উঠবে না 
নগরীর নীরব আকাশ, নাট্যমঞ্চ 
পাহাড়ি ঝরনা, আলপনায়  
সজ্জিত হবে না ভার্সিটি ক্যাম্পাস।

সাবধান, সাবধান, প্রচন্ড ঝড়তুফান পৃথিবীকে 
টানা ৭২ ঘন্টা অন্ধকারাচ্ছন্ন করে রাখবে 
কেউ দুই মিনিটের জন্যও বেরোতে পারবে না। 
যদি তুমি না আসো, ফের ভালো-না-বাসো
৩৬৫ দিন দেখতে হবে নদীভাঙন, টর্নেডো 
অপ্রতিরোধ্য সাইক্লোন, ঘূর্ণিঝড়। 

তুমি না এলে আমার নগরে হেলেদুলে 
এই নববর্ষের দিন মনে হবে জাতীয় শোকদিবস,
চতুর্দিকে পালিত হবে আমার শোকসভা। 
কোথাও কোনো বিন্দুমাত্র আনন্দ থাকবে না
আতশবাজি ফোটবে না আকাশে আকাশে 
তুমি না এলে রঞ্জিত হবে না আমাদের 
পরিচিত রেস্তোরাঁ, পার্কের নন্দিত বেঞ্চ।
যদি তুমি না আসো, ফের ভালো-না-বাসো
সারা বৎসর দেখতে হবে দুর্ভিক্ষ 
ভয়ানক খরা।

অনিদ্রা, তুমি এই নববর্ষে অন্তত এসো
প্রথমদিনের মতো ফের ভালো-বেসো। 




Previous Post Next Post