পাসপোর্ট

অনন্য কাওছার 

যে যার মতো পৌঁছে গেছে হিমালয়ের শীর্ষদেশ, 
দূর আকাশের শেষ সীমানা যাদের কনিষ্ঠ আঙুলের 
ডগায়, সেকালে তারাও যে আমার নিকটাত্মীয় ছিল, 
কেন তবে এখন আর নেই? 

যে যার মতো চলে গেছে এশিয়া ইউরোপ আমেরিকা
সেইকবে যারা পেরিয়ে ছিল আটলান্টিক মহাসাগর 
শতশত দেশ মহাদেশ, যাদের এখন আর পেরোনোর 
কিছু নেই, সেকালে তারাও যে আমার বন্ধু ছিল,
কেন তবে এখন আর নেই?

যে যার মতো পৌঁছে গেছে সাফল্যের চূড়ায় 
যাদের বসবাস স্বর্গের নিকটবর্তী আধুনিক বিশ্বে;
এখন পায়ের তলায় যাদের মার্কিনী বুট সুয়েটার 
সেকালে তারাও যে আমার প্রিয়জন ছিল, 
কেন তবে এখন আর নেই? 

যে যার মতো ভুলে গেছে অতীতের ভিখিরি জীবন 
গতকালও যাদের উল্লেখযোগ্য, বিন্দুমাত্র ছিল না কিছু
যাদের কুঁড়েঘরে নিয়মিত ছিল আমার যাতায়াত 
তখনও তারাও যে আমার আপনজন ছিল,
কেন তবে এখন আর নেই? 
এখন আর নেই। 




Previous Post Next Post