অনন্য কাওছার
তোমার দেওয়া অভিশাপ যেনো আমার ভেতর বাহির
রাসায়নিক বিষক্রিয়া পদার্থের একখণ্ড গুদামঘর।
তিলেতিলে মাংসের লালে সংগঠিত হচ্ছে ধাতব আগুন,
অপ্রতিরোধ্য নরকের দাহ। তোমার দেওয়া অবহেলা
আজো আমাকে পৃথিবীর সবচেয়ে নষ্টদের কাতারে নিয়ে
আসে বারবার, হাতে নিই ব্ল্যাক সিগারেট
একে একে হিরোইন গাঁজা বাংলা-মদের-বোতল।
চাইনিজ ছুরিকার নীচে
একটুকরো পরিপক্ব আপেলের মতো
টুকরো টুকরো হয়ে যায় আমার জীবন।
ভিখারির শূন্য হাতের দিকে তাকিয়ে দার্শনিকের মতো
আমি বলে দিতে পারি নোংরা পৃথিবীর ভবিষ্যৎ
মানবসভ্যতার অন্ধকারাচ্ছন্ন ইতিহাস, যা একদিন
চুম্বনে চুম্বনে বেড়ে উঠেছিলো।
তোমার দেওয়া ঘৃণা লাঞ্ছনা বঞ্চনার তীরফলক
আমাকে উপলব্ধি করায় বিদেশি মদের স্বাদ।
Tags:
Poetry
