সমানুপাতিক দূরত্ব

অনন্য কাওছার 

এই কাব্যিক মনোভাব ছেড়ে সন্ন্যাসীর জীবনীগ্রন্থ 
হাতে নিয়ে বেরিয়ে পড়ব অচিন নগরের বননির্জন
সড়কের দিকে, কমপক্ষে একশো কোটি বছরের পথ
যেতে হবে। 
তোমরা জানতে চেয়ো না আমার এই অধঃপাতের
জটিল সূত্র, প্রস্থানের যথার্থ ডেফিনেশন 
নির্জন দ্বীপপুঞ্জ থেকেও আমি আজ ভীষণরকম একা
বাংলা ব্যাকরণের মতো আজ চরমভাবে অবহেলিত 
আমার থেকে কেবল সুইসাইডের অনুপ্রেরণা ছাড়া
কেউ শিখবে না কবিতার বর্ণিল শ্লোক, টিকে-থাকার
গুপ্তমন্ত্র, সস্তা মোটিভেশান। 
এই দার্শনিক চিত্রকল্প জোয়ার আসরে  
বেচে দিয়ে তোমার দিকে সোজাসুজি 
২০০ ফুট হেঁটে এলুম। না, তুমি চিনতে পাওনি। 
তোমার চোখে যতটা রহস্য লুকিয়ে ছিল তা জানি 
আকাশের আবরণেও আমি কিঞ্চিৎ দেখিনি
কোনোদিন। 
এই কবিতার পান্ডুলিপি সামুদ্রিক জলোচ্ছ্বাসের দিকে 
নির্বিঘ্নে ছুঁড়ে ফেলে কমপক্ষে যেতে হবে 
একশো কোটি বছরের পথ। তোমরা জানতে চেয়ো না 
আমার এই নির্বাসনের উপযুক্ত ডেসক্রিপশন। 
মূলত আমার থেকে পৃথিবীর দূরত্ব তোমার দূরত্বের
সমানুপাতিক। 



Previous Post Next Post