জলের যোগাযোগ
জয়িতা চট্টোপাধ্যায়
জয়িতা চট্টোপাধ্যায়
আমাদের জ্বর হলে
আঁচলে আঁজলা ভরে মা তুলে আনে শুশ্রূষার জল
সন্ধ্যার প্রদীপে বিষাদ নামে সেদিন
মা দুচোখের জল লুকিয়ে
স্তব্ধ হয়ে বসে থাকে ঠাকুর ঘরে
মায়ের ডাক খুব সহজেই ঈশ্বর শুনে নেন
আমরা সেরে উঠলে
মায়ের মধ্যবিত্ত ঠোঁট গড়িয়ে জল নামে গ্লাসে
সেই জল দুহাতে চেপে ধরে খেয়ে নিই ঢক ঢক করে
আসলে,
আমাদের ছাপোষা জীবনে
জলের এই অনুভবের নামই 'মা'।
Tags:
Poetry
