দৈনিকের পৃষ্ঠা জুড়ে

দৈনিকের পৃষ্ঠা জুড়ে 
অনন্য কাওছার 

আমার পতনের পূর্বে ছাপা হয়েছে
একটি দীর্ঘ নথিপত্র, দীর্ঘ আমলনামা
এরকম অহরহ নিউজ আশেপাশে ঘুরছে
তবুও লোকজন ভীষণ আগ্রহ নিয়ে
তাকিয়ে আছে দৈনিকের পৃষ্ঠা জুড়ে
কী উৎসুক তাদের চোখেমুখে
প্রত্যেকের চোখ যেন তারকার মত
ঝলমল করছে 
অনবরত বুলেট-বৃষ্টি ঝরিয়ে
কেউ এগিয়ে আসছে মহোৎসব
উপভোগ করতে করতে
কারো বিষণ্ণ গোধূলিও হয়ে উঠেছে
আলোকোজ্জ্বল
দীর্ঘদিন যে হাসেনি তার ঠোঁটের আগায়
ফুটে উঠেছে স্বর্গীয় হাসির সাতরঙ;
চারিদিকে ঝকঝকে তকতকে উল্লাস
ঘিরে ধরেছে সমগ্র থিয়েটার, রেস্তোরাঁ
নগরীর রাস্তাঘাট, নদীবন্দর

পতনের পূর্বে ছাপা হয়েছে দীর্ঘ ভাষণ
দীর্ঘ ডকুমেন্টস
এ যেন এক অন্যরকম ইতিহাস
এ যেন এক পরিকল্পিত বার্নিং টপিক
চ্যানেল জুড়ে এক অন্যরকম কৌতূহল
বড়ো বড়ো লাল অক্ষরের দীর্ঘ টাইটেল
যেন আমার ভাবুক মুখের অবয়ব 
একেবারে গিলে ফেলতে চাইছে
যথারীতি অপদস্ত করতে উদ্ধত কালো মুখোশ
পতনের সম্মেলিত ষড়যন্ত্র।
Previous Post Next Post