যেতে চাইলে থামাব না আর
অনন্য কাওছার
যেতে চাইলে নিয়ে যাও সবটুকু অভিলাষী স্মৃতি
তন্ত্রমন্ত্র পাঠে থামাব না আর, মুঠোয় ধরে ডেইজির
মালা জড়াব না অবৈধ সঙ্গমের অবিকল্প ফাঁদ।
যেতে চাইলে যাও,
একটি জীবনের শ্বাসনালি ছিন্নমূল করে চলে যাও,
নামাব না সাঁজোয়া বাহিনী, ব্যারিকেড,
কাঁটাতারের আলিঙ্গনে জড়াব না প্রেমের দেয়াল।
রাইফেল তাক্ করে মুখোমুখি দাড়াঁব না, মিছিলে
আন্দোলনে কাঁপাব না মিছিল-মিটিং।
তোমার বিরুদ্ধে আর চালাব না সশস্ত্র তল্লাশি,
অভিযান।
যেতে চাইলে যাও,
একটি জীবনের শ্বাসনালি ছিন্নমূল করে চলে যাও,
নামাব না সাঁজোয়া বাহিনী, ব্যারিকেড,
কাঁটাতারের আলিঙ্গনে জড়াব না প্রেমের দেয়াল।
রাইফেল তাক্ করে মুখোমুখি দাড়াঁব না, মিছিলে
আন্দোলনে কাঁপাব না মিছিল-মিটিং।
তোমার বিরুদ্ধে আর চালাব না সশস্ত্র তল্লাশি,
অভিযান।
যেতে চাইলে নিয়ে যাও সবটুকু রাজকীয় স্মৃতি
তবে আর পাঠাব না জাতিপুষ্প, মুঠোয় টেনে
নাড়াব না বাংলা ক্যালেন্ডারের সমুজ্জ্বল দিবস।
যেতে চাইলে যাও,
একটি জীবন যেন হন্তারকের মতো খুন করে যাও,
বাড়াব না স্মৃতিতাড়িত হাতের রুমাল,
জাতি সংঘে চাইব না প্রেমভাঙনের মীমাংসিত আইন;
বসাব না সালিশি বৈঠক, তাড়াব না কোকিল ধ্বনি।
রাজপথে নামাব না বিশৃঙ্খলা, হরতাল
সিএনজি চালকের অবরোধ।
যেতে চাইলে যাও নিয়ে যাও অন্তর্লীন স্মৃতি
তন্ত্রমন্ত্র পাঠে থামাব না আর, বুকে টেনে
জড়াব না প্রণয়ের আলিঙ্গনে আপ্লুত চুম্বনে।
যেতে চাইলে যাও,
একটি গ্রীবাদেশ যেন দ্বিখণ্ডিত করে চলে যাও,
নামাব না সাঁজোয়া বাহিনী, লংমার্চ, অপ্রতিরোধ্য
কাঁটাবন অবিরাম কাঁটাবেড়া সাজাব না আর,
অথবা বিচ্ছিন্ন হবে না বৈদ্যুতিক লাইন, ইন্টারনেট।
চন্দ্রমল্লিকা স্বহস্তে দাঁড়াব না মুখোমুখি—
বসাব না সভাসমাবেশ, মিছিল-মিটিং
স্লোগানে স্লোগানে কাঁপাব না মহানগরীর অলিগলি;
যেতে চাইলে থামাব না আর।
Tags:
Poetry
