অনন্য কাওছার
এই দেশ-জাতি আজ প্রশ্নবাণে
কোটা-নীতির অবসানে
কাঁপায় রাজ্যপাট।
এই স্বাধীন দেশের বুদ্ধিজীবী
এই প্রতিভাধর প্রৌঢ় কবি
কিসে মহা-বিভ্রাট?
কেন?
লিখছো না আজ একটি কাব্য
রাষ্ট্র-নীতির চাটু-শ্রাব্য;
চলবে কি সুকৌশলে?
এই শাসনতন্ত্র অকাজ মন্ত্রে
করাপশনের নিরেট যন্ত্রে
যাচ্ছে রসাতলে।
তাই
চূর্ণ হোক এই শাসনতন্ত্র, বিচূর্ণ কোটাপ্রথা
স্বদেশ-মেধা-রাষ্ট্র বাঁচাতে ভাঙো নীরবতা।
২.
এই দেশ-জাতি আর শিক্ষানীতি
রাজনীতি বা জেলের ভীতি
সবাই চুপসে রয়।
তাই যোগ্য মেধা প্রতিভাধর
সঠিকমূল্য পায়না কদর;
কোটায় বিভীষিকাময়।
কেন?
৫২ এবং একাত্তরের মুক্তিযুদ্ধে
বৈষম্য নীতির কঠোর বিরুদ্ধে;
আমার লালসবুজের দেশ।
ফের কোটানীতির নোংরা ফাঁদে
তোমার আমার স্বদেশ কাঁদে
স্বৈরাচারীতে হবে কি শেষ?
তাই
তুমি-আমি-সবাই মিলে বাঁচাও বাংলাদেশ।
(তুলো স্লোগান)
চূর্ণ হোক এই শাসনতন্ত্র, বিচূর্ণ কোটাপ্রথা
স্বদেশ-মেধা-রাষ্ট্র বাঁচাতে ভাঙো নীরবতা।
Tags:
Poetry
