অনন্য কাওছার
তোমাকে ভালোবাসতে বাসতে বিরহে ঢেকে যাওয়া আমার
এই অবহেলিত পোড়ামুখ আমি আর কাউকে দেখাতে পারিনা,
পৃথিবীর সমস্ত অন্ধকার আমার সর্বাঙ্গে লেগে আছে, কেউ
আমার দিকে আজকাল ফিরেও তাকায় না, প্রকৃতিও জানে
আমি ভূলোকে প্রেমের কালিমা চামড়ায় মেখে আজো কয়েক
হাজার পঙ্গু কবিতার জন্ম দিচ্ছি, কেবল তুমিই দেখাতে পারো
জোছনার অবিকল ভবিষ্যৎ।
ভালোবাসা দাও, তুমি ভালোবাসা দিলে
আমি নবীন পৃথিবীর সন্ধানে বেরিয়ে পড়বো দুর্গম পৃথিবীর
আঁকাবাঁকা বিপদগামী পথ; ভয়ঙ্কর ফাঁদে পা ফেলতেও
একবিন্দু দ্বিধাবোধ থাকবে না অন্তরের অন্তস্তল।
তোমাকে ভালোবাসতে বাসতে কতকিছু ভুলে যাই
ইদানীং বিশেষত ভুলে গেছি নন্দিত বাংলা অভিধান;
পরিচিত বাসার ঠিকানাও বেশিরভাগ ভুলে যাই।
সুন্দরী রাজকুমারী,
তোমাকে চরমপন্থার ঊর্ধ্বে ভালোবাসতে বাসতে
চিরতরে ভুলে গেছি আমার জীবনও একটা মানুষের জীবন,
মানুষের মতো আমারও স্বার্থান্ধ হওয়া উচিত।
ভালোবাসলে প্রাণটুকুও বিসর্জন দিতে হয় উজাড় করে;
সেই কৃতিত্বের দাবিদার হতে কেবলই
একবার ভালোবাসা দাও, ভালোবাসা দাও।
Tags:
Poetry
