পা বাড়ালেই সক্রেটিস

অনন্য কাওছার 

কবিতা লেখা যতটা সহজ ততটা সহজ নয় নারীর হৃদয়
জটিল অংকের মতো প্রেমিকার চোখ শেষ লাইনে 
শেখাবে নিরন্তর জীবনের মূলভাব, তাকে এড়িয়ে
চলার দুঃসাহসিকতা মূলত প্রেমিকের অধিকারে নেই।
সাইকেলের প্যাডেল ঘোরাতে যতটা বলপ্রয়োগ দরকার
ততটা মনোবল পেলে প্রেমও টিকে থাকে নারীর আঁচলে;
অধিকার পেলে নারী গুছিয়ে দিতে পারে ঘরসংসার 
পাগলের উন্মাদনা, এলোমেলো কবির লম্বা চুল।
যে হৃদয়ে তোমার পরিচর্যা নেই সেখানে  
রোজকার মতোই অযত্নে বেড়ে ওঠে মাথার চুল, তেলের
অভাবে অপুষ্ট মস্তিষ্কের জটিল নিউরন
অচল, অকার্যকর বীর্যবান পুরুষের স্বাভাবিক জীবন। 
বিপ্লবের মতো এতটা সহজ নয় ভালোবাসা, নারীসঙ্গ
কবিতা লেখার মতো এতটা সহজ নয় নারীর হৃদয়। 

সাঁকো পেরিয়ে অবাস্তব ধারণার বাইরে নারীর অন্তর;
একটু পা বাড়ালেই নিজেকে মনে হতে পারে সক্রেটিস। 




Previous Post Next Post