অনন্য কাওছার
তোমার অপছন্দের যেসব বাজারের ফর্দ, জিনিসপত্র,
খাবারদাবার, মার্কেটিং— এখন আমারও অপছন্দের।
দৈনন্দিন রুটিন, পোশাকের রংচং সব।
তোমার মতো আমারও যে অপছন্দের তালিকা
দীর্ঘ হচ্ছে, পরিবর্তিত হচ্ছে ভালোমন্দ ইত্যাদি ইত্যাদি।
তোমার কিছু একটা বিরক্তিকর মনে হওয়া মানে
আমার কাছেও তা মূল্যহীন, অবহেলিত
হোক তা পৃথিবী বিখ্যাত, আলাদীনের চেরাগ।
তোমার পছন্দের তালিকাও আমার পুরোদমে ঠোঁটস্থ।
মুড সুইং, মাথাব্যথা এবং ইনসমনিয়া কখন তোমাকে
পৃথিবীর যাবতীয় আনন্দোৎসব থেকে পৃথক পৃথক
অনুভূতির মুখোমুখি করে তাও আমার জানা আছে।
তোমার আনন্দের মুহূর্তে আমি যে বৈদ্যুতিক খুঁটিতে
নিঃসঙ্গ বসে থাকা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাখি।
যে কিনা হাল্কা বাতাসেও ডাল থেকে ছিটকে পড়ে;
তোমার মুখোমুখি হতে দেয়না কখনও।
Tags:
Poetry
