অজানা থিসিস উন্মোচন

অনন্য কাওছার 

তোমার ভালোবাসা পাইনি বলে আমাকে প্রত্যাখ্যান
করেছে যুদ্ধ ফেরত বিপর্যস্ত এরোপ্লেন, উত্তাল
জলোচ্ছ্বাসে তলিয়ে যেতে দেখেও উদ্ধার করেনি
কোনো চলমান যাত্রীবাহী সামুদ্রিক জাহাজ।  

নৌকোগুলোও নদীপথ ভুলে—
নিষিদ্ধ গন্তব্যে
আমাকে নির্বিঘ্নে পৌঁছে দেয়। কুমিরের রাজত্বে
বরাবরই আমি অচিন-নগরীর বার্তাবাহক
নরখাদকের প্রাচীন গুহার পাদদেশে
মাটিরফলকে একমাত্র পলাতক শিকার হিসেবে
আমি বিশেষভাবে চিহ্নিত।

সীমান্তবর্তী এলাকার চোরাচালানের সমস্ত অপরাধ
আমার নামে লিপিবদ্ধ হয় বলে মোটেও দুঃখিত নই।
তোমার ভালোবাসা পাইনি বলে আমাকে নির্বিকার
হাওয়াশূন্য জনপদ
সেন্ট হেলেনা নির্বাসন
সিসিফাসের মতো
সুনির্দিষ্ট অভিশাপ নিয়ে
আপাদমস্তক হামাগুড়ি দিতে দিতে কুঁজো হয়ে
চলতে হয় অহর্নিশ। তোমার অজানা এ-থিসিস।





Previous Post Next Post